সিন্ধু পানিচুক্তি নিয়ে ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। দেশটির জলবায়ু পরিবর্তনমন্ত্রী মুসাদিক মালিক বলেছেন, চুক্তি অনুযায়ী পাকিস্তানের প্রাপ্য পানির ওপর কেউ হাত বাড়ালে তাদের ‘হাত কেটে ফেলা’ হবে। এতে ভারত-পাকিস্তান উত্তেজনা আরও বেড়েছে।
মঙ্গলবার (৩০ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হুঁশিয়ারির ফলে কয়েক দশকের পুরোনো সিন্ধু পানিবণ্টন চুক্তি (আইডব্লিউটি) ঘিরে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ভারত ২০২৫ সালের পহেলগাম হামলার পর চুক্তিটি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বলে দাবি করা হয়।
এক সংবাদ সম্মেলনে মুসাদিক মালিক অভিযোগ করেন, একটি প্রতিবেশী দেশ পাকিস্তানের পানিপ্রবাহ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তিনি বলেন, পাকিস্তান তার প্রাপ্য পানির অধিকার থেকে কাউকে বঞ্চিত হতে দেবে না।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের বরাতে জানা যায়, তিনি আরও বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও অর্থনীতির বড় অংশ কৃষির ওপর নির্ভরশীল। তাই পানি প্রবাহে বাধা সৃষ্টি হলে তা জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে।
তিনি কঠোর ভাষায় বলেন, কেউ যদি পাকিস্তানের প্রাপ্য পানির ওপর হাত বাড়ায়, তাহলে তার পরিণতি কঠিন হবে।
অন্যদিকে, পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, সিন্ধু পানিচুক্তি আইনগতভাবে এখনো কার্যকর রয়েছে এবং এটি একতরফাভাবে বাতিল বা স্থগিত করা সম্ভব নয়।
বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে সিন্ধু নদ ও এর উপনদীগুলোর পানি বণ্টন ও ব্যবহার নির্ধারিত হয়ে আসছে। এ ইস্যু ঘিরে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আবারও বাড়তে শুরু করেছে।
আরো পড়ুন: