ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অসুস্থ ৪৫

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, অসুস্থ ৪৫

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ জুন, ২০২৬ ১৫:১৪

ময়মনসিংহ নগরীতে পুরোনো গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর গ্যাস ছড়িয়ে পড়ায় তীব্র গন্ধে অন্তত ৪৫ জন অসুস্থ হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৯ জুন) রাত ৯টার দিকে নগরের গোলপুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি প্রতিষ্ঠানে পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ শুরু হয়ে আশপাশের এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে।

গ্যাসের তীব্রতায় স্থানীয়রা শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও বমিভাব অনুভব করেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক জবায়দুল হক জানান, রাত ১টা পর্যন্ত ৪৫ জন রোগী জরুরি বিভাগে চিকিৎসা নেন। তাদের মধ্যে ২৯ জনকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি রাখা হয় এবং একজনকে আইসিইউতে নেওয়া হয়। পরে অধিকাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেও একজন এখনও হাসপাতালে ভর্তি রয়েছেন।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুরোনো সিলিন্ডার কাটার সময় বিস্ফোরণ থেকেই এই ঘটনা ঘটে এবং এরপর গ্যাস লিকেজে পরিস্থিতি জটিল হয়। তবে সৌভাগ্যবশত কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।