লোডশেডিংয়ের প্রতিবাদে মির্জাপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও

লোডশেডিংয়ের প্রতিবাদে মির্জাপুরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই, ২০২৬ ১৬:০৪

টাঙ্গাইলের মির্জাপুরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে বিক্ষোভ মিছিল, পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও এবং স্মারকলিপি প্রদান করেছেন গ্রাহকরা। ‘গ্রাহক ফোরাম’-এর ব্যানারে ১১ দলীয় জোটের নেতাকর্মীরা বুধবার (১ জুলাই) সকালে এ কর্মসূচি পালন করেন।

সকালে মির্জাপুর বাইপাস এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাওয়ার কুমারজানী পূর্বপাড়ায় অবস্থিত মির্জাপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা অফিসের সামনে অবস্থান নিয়ে বিদ্যুৎ সংকট নিরসনের দাবিতে স্লোগান দেন।

পৌর জামায়াতের আমির মহিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা ইয়াহ ইয়াহ খান মারুফ, সেক্রেটারি জেনারেল মুফতি আবুল কাশেম মৃধা, বাংলাদেশ খেলাফত মজলিসের উপজেলা সেক্রেটারি মাওলানা মনির হোসেন, উপজেলা সভাপতি আসাদুজ্জামান খান ছিটু এবং এনসিপির উপজেলা সদস্যসচিব লিটন হোসেনসহ অন্যান্য নেতারা।

বক্তারা অভিযোগ করেন, ঘন ঘন লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। একই সঙ্গে শিল্প-কারখানা ও ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়ছে। তারা আগামী তিন কার্যদিবসের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশ শেষে বিক্ষোভকারীরা কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি দেন।

এ বিষয়ে টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির মির্জাপুর জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মোখলেছুর রহমান বলেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে এবং পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।