জ্বালানি মজুত সক্ষমতা বাড়াতে আরও পাঁচ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার। দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম সচল রাখা এবং জ্বালানি খাতের অভ্যন্তরীণ চাহিদা পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সিঙ্গাপুরের খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড’ এই জ্বালানি সরবরাহ করবে। এতে ব্যয় ধরা হয়েছে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯০ দিনের মজুত সক্ষমতা বিবেচনায় নিয়ে মোট ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল রয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানায়, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এই জ্বালানি তেল ক্রয় করছে। সম্প্রতি এ সংক্রান্ত প্রস্তাবে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদন দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেন, সাধারণত প্রতি ছয় মাস পরপর দেশের চাহিদার ভিত্তিতে ডিজেল ও জেট ফুয়েল আমদানি করা হয়।
তিনি আরও জানান, প্রশাসনিক অনুমোদন শেষে প্রস্তাবটি বিপিসির কাছে পাঠানো হয়েছে। এরপর প্রতিষ্ঠানটি সরবরাহকারীকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (এনওএ) দেবে এবং পরবর্তী ধাপে জ্বালানি সরবরাহ শুরু হবে।
আরো পড়ুন: