পরিবেশের ভারসাম্য রক্ষায় নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শনিবার (৪ জুলাই) সকালে যশোর জিলা স্কুল মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ও ১০ তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে নবায়নযোগ্য উৎস থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বিশেষ করে সৌর বিদ্যুৎ উৎপাদনে সরকার এখন বেশি মনোযোগ দিচ্ছে।
তিনি আরও বলেন, অতীতে ডিজেল ও ফার্নেস অয়েল-নির্ভর বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকলেও পরবর্তীতে তা গ্যাস ও কয়লাভিত্তিক হয়, যা পরিবেশের জন্য ক্ষতিকর। তাই সরকার এখন পরিবেশবান্ধব জ্বালানির দিকে ঝুঁকছে।
প্রতিমন্ত্রী জানান, ইলেকট্রিক বাইকের ওপর ২০৩১ সাল পর্যন্ত শুল্ক-কর ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য নীতিমালা গ্রহণ করা হয়েছে এবং ধাপে ধাপে সিটি করপোরেশন ও পৌরসভার বর্জ্যকে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।
তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাঠদানকে আরও আকর্ষণীয় ও আনন্দময় করতে হবে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হয়।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পড়াশোনা শেষে নিজেদের মেধা ও যোগ্যতাকে দেশের পুনর্গঠনে কাজে লাগাতে হবে এবং খারাপ প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, শিক্ষা বোর্ড ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: