অপরিশোধিত তেলের উৎপাদন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস

অপরিশোধিত তেলের উৎপাদন কোটা বাড়াতে পারে ওপেক প্লাস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬ ১৭:০৩

অপরিশোধিত তেলের উৎপাদন কোটা আবার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। রোববার অনলাইনে ওপেক প্লাস জোটের সাতটি সদস্য দেশের বৈঠকে এ সিদ্ধান্ত আসতে পারে।

পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলো নিয়ে গঠিত জোট ওপেক প্লাস এর সদস্য রাষ্ট্র সৌদি আরব, রাশিয়া এবং আরও পাঁচটি দেশ আগস্ট মাসের কোটা নিয়ে আলোচনা করতে রোববার অনলাইনে বৈঠকে যুক্ত হবেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সুইস ব্যাংক ইউবিএস-এর পণ্য বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেন, 'আগের মাসগুলোর মতোই ধীরে ধীরে উত্তোলন কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার করা হতে পারে।'

তিনি বলেন, 'প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল উত্তোলন বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।'

তবে তিনি বলেন, 'বর্তমানে প্রকৃত উত্তোলন এখনো জোটের নির্ধারিত লক্ষ্যমাত্রার নিচে রয়েছে।'

মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলাকালে ইরান হরমুজ প্রণালী কার্যত অচল করে দেওয়ায় উপসাগরীয় দেশগুলোকে উত্তোলন কমাতে হয়েছিল, যার ফলে তাদের তেল রপ্তানি কয়েক মাস ব্যাহত হয়।

ওপেক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উত্তোলন প্রতিদিন প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়। তবে ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে, যেখানে হরমুজ প্রণালীতে সামুদ্রিক চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে সম্মত হয়।

বিশ্লেষকরা বলছেন, এরপর থেকেই ধীরে ধীরে সমুদ্রপথে পরিবহন স্বাভাবিক হচ্ছে এবং তেলের দামও যুদ্ধ-পূর্ব স্তরের কাছাকাছি নেমে এসেছে।

Tag: