করণিক ভুলে অতিরিক্ত বিল, স্বীকার করল বিদ্যুৎ বিভাগ

করণিক ভুলে অতিরিক্ত বিল, স্বীকার করল বিদ্যুৎ বিভাগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ ১৪:৪৫

সদ্য বিদায়ী জুন মাসে অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষেত্রে কিছু করণিক ভুল শনাক্ত করেছে বিদ্যুৎ বিভাগ। এসব ভুল ইতোমধ্যে যাচাই-বাছাই করে সংশোধন করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ।

সোমবার (৬ জুলাই) দুপুরে বিদ্যুৎ ভবনের বিজয় হলে ‘ভুতুড়ে বিল’ সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, জুন মাসে বিদ্যুৎ বিল বৃদ্ধির পেছনে শুধু ট্যারিফ বৃদ্ধি নয়, বরং বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বৃদ্ধি এবং উচ্চতর স্ল্যাবের প্রভাবও রয়েছে। তবে কিছু ক্ষেত্রে করণিক ভুলের কারণে অতিরিক্ত বিল হয়েছে, যা ইতোমধ্যে সংশোধন করা হয়েছে।

উদাহরণ হিসেবে তিনি জানান, খাগড়াছড়িতে এক গ্রাহকের ৭০ ইউনিটের স্থলে ভুলবশত ৭০০ ইউনিট বিল করা হয়েছিল। এতে অতিরিক্ত বিল তৈরি হয়। পরে বিষয়টি শনাক্ত করে সংশোধন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিদ্যুৎ সচিব আরও জানান, ‘ভুতুড়ে বিল’ অভিযোগ তদন্তে বিতরণ সংস্থাগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো গ্রাহকের বিল নিয়ে সন্দেহ থাকলে মিটার পরীক্ষা, পুনর্যাচাই এবং অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, সরকার বিদ্যুৎ খাতে ভর্তুকি অব্যাহত রেখেছে এবং সিস্টেম লস কমাতে স্মার্ট মিটারিং ও সেবার মান উন্নয়নে কাজ চলছে।

গ্রাহকদের যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে বলেও জানান তিনি।