হরমুজ প্রণালিতে ওমান উপকূলের কাছে চলাচলকারী একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইলের আঘাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)।
সংস্থাটির তথ্যমতে, জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করে দক্ষিণ দিকে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ওমানের লিমাহ উপকূলের কাছে একটি অজ্ঞাত প্রজেক্টাইল জাহাজটির বাম পাশে আঘাত হানে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, সংশ্লিষ্ট এলএনজি ট্যাংকারটি নিরাপত্তাসংক্রান্ত সতর্কবার্তা উপেক্ষা করার পর হামলার শিকার হয়। তবে হামলার দায় ইরান আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে হরমুজ প্রণালিতে তাদের নির্ধারিত নৌপথ ব্যবহার করাই নিরাপদ। অন্য রুট ব্যবহারকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলার অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই সম্ভব হয়নি।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হয়। এরপর থেকে হরমুজ প্রণালিতে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটে এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই জ্বালানি পরিবহন রুটে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাগ্রস্ত হতে থাকে।
বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি বড় অংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। ফলে এ অঞ্চলে যেকোনো নিরাপত্তা সংকট আন্তর্জাতিক জ্বালানি বাজারে সরাসরি প্রভাব ফেলতে পারে।
আরো পড়ুন: