এলএনজি সরবরাহ কমায় তিতাসের এলাকায় গ্যাসের চাপ থাকবে কম

এলএনজি সরবরাহ কমায় তিতাসের এলাকায় গ্যাসের চাপ থাকবে কম
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ জুলাই, ২০২৬ ১২:২৮

আপডেট: ৭ জুলাই, ২০২৬ ২২:৩১

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মহেশখালীর এলএনজি টার্মিনালগুলো থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ প্রায় ৩০০ মিলিয়ন ঘনফুট প্রতিদিন (এমএমসিএফডি) কমে গেছে। এর ফলে জাতীয় গ্যাস সঞ্চালন ব্যবস্থায় চাপ সৃষ্টি হয়েছে এবং তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈরী আবহাওয়ার প্রভাবে মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে আরএলএনজি সরবরাহ উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় জাতীয় গ্যাস সরবরাহ ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে। এর প্রভাব তিতাস গ্যাসের অধীন আবাসিক, বাণিজ্যিক ও শিল্প গ্রাহকদের ওপর পড়তে পারে।

তিতাস গ্যাস জানিয়েছে, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত গ্রাহক পর্যায়ে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।