নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে পরিচালিত চারটি চুনা কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে কারখানাগুলো ভেঙে দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। অভিযানে অবৈধ সংযোগে ব্যবহৃত ৬০০ ফুট পাইপ ও চারটি বার্নার জব্দ করে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সোনাখালী ও প্রতাপনগর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুহা তাবিল।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক সুরজিত কুমার জানান, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র অবৈধ গ্যাস সংযোগ নিয়ে সোনারগাঁয়ে চুনা কারখানা পরিচালনা করে আসছিল। এতে সরকার প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল।
তিনি আরও জানান, অভিযানে চারটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি স্থাপনাগুলো ভেঙে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
অভিযান চলাকালে তিতাসের প্রকৌশলী তৌফিকুর রহমান, জহুরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন: