মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার জেরে আন্তর্জাতিক বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত তেলের দাম। ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর বুধবার (৮ জুলাই) লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ২ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়।
বিশ্বের অন্যতম প্রধান বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৬৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৭২ দশমিক ২৯ মার্কিন ডলারে পৌঁছেছে। এর আগের দিন মঙ্গলবারও ডব্লিউটিআইয়ের দাম ২ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।
মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করা হয়েছে। এর জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপরই আন্তর্জাতিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয় এবং তেলের দাম বাড়তে শুরু করে।
এদিকে, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশের বিভিন্ন এলাকায় একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কেশম দ্বীপে ছয়টি, সিরিক শহরে সাতটি এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে আরও কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
তবে সাম্প্রতিক এই মূল্যবৃদ্ধি সত্ত্বেও আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো ফেব্রুয়ারির শেষ দিকে মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর সময়ের সর্বোচ্চ অবস্থানের নিচে রয়েছে। সে সময় হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাপকভাবে সীমিত হয়ে পড়ায় বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে গিয়েছিল।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা আরও বাড়লে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ সৃষ্টি হতে পারে, যার প্রভাব আন্তর্জাতিক তেলের বাজারে আরও মূল্যবৃদ্ধির মাধ্যমে প্রতিফলিত হতে পারে।
আরো পড়ুন: