পরিবেশ সংরক্ষণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ

পরিবেশ সংরক্ষণে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ওপর গুরুত্বারোপ
ছবি: বাসস।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ১৯:৫৬

বাগেরহাটে প্লাস্টিক দূষণ রোধ, গ্রিনহাউজ গ্যাসের নির্গমন হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। ‘বিশ্ব পরিবেশ দিবস ২০২৬’ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়।

বাগেরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গোলাম মো. বাতেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। 

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন গ্রিনহাউজ গ্যাসের ক্ষতিকর প্রভাব তুলে ধরে প্লাস্টিক দূষণ রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং সবার সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার বলেন, 'পরিবেশ বিপর্যয়ের বর্তমান ধারা অব্যাহত থাকলে মানব জাতিকে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।' তিনি পরিবেশ সংরক্ষণে ব্যক্তি, পরিবার ও সমাজের সমন্বিত ভূমিকা নিশ্চিত করার আহ্বান জানান।

সিভিল সার্জনের প্রতিনিধি ডা. শেখ রিয়াদুজ জামান মাইক্রোপ্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে ধারণা দেন। তিনি একবার ব্যবহারযোগ্য (সিঙ্গেল ইউজ) প্লাস্টিকের ব্যবহার পরিহারের পরামর্শ দেন। 

পরিবেশ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধিদপ্তরের উপপরিচালক আসাদুর রহমান।

তিনি বলেন, 'জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকার নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা-২০২৫ প্রণয়ন করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় রাজস্ব বাজেট থেকে ২০২৫-২০২৬ অর্থবছর পর্যন্ত ৪ হাজার ৩৩৬ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।'

ব্র্যাক, কোডেক, সিএনআরএসসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের চলমান কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার আগে বাগেরহাট শহরে একটি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।