আলজেরিয়ার সঙ্গে জ্বালানিখাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

আলজেরিয়ার সঙ্গে জ্বালানিখাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই, ২০২৬ ২০:০৬

বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আলজেরিয়ার সঙ্গে জ্বালানিখাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, জাহাজ নির্মাণ এবং জনশক্তিখাতেও দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি। বৈঠকে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান সহযোগিতা আরও সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জ্বালানিখাতে সহযোগিতা বৃদ্ধির জন্য আলজেরিয়ার সহায়তা কামনা করেন।

এছাড়া, উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ, ওষুধ শিল্প, কৃষি, মৎস্য ও অ্যাকুয়াকালচার, জাহাজ নির্মাণ এবং জনশক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।

শামা ওবায়েদ দক্ষ ও অর্ধদক্ষ জনশক্তি নিয়োগে সহযোগিতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বাংলাদেশ-আলজেরিয়া যৌথ পরামর্শ কমিশন (জয়েন্ট কনসালটেটিভ কমিশন) গঠনের চলমান উদ্যোগকে স্বাগত জানান।

তিনি জনগণের মধ্যে যোগাযোগ (পিপল-টু-পিপল কন্টাক্ট) আরও জোরদার করা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে উচ্চপর্যায়ের সফর বিনিময় বৃদ্ধির ওপরও গুরুত্ব দেন।

জবাবে রাষ্ট্রদূত আবদেলওয়াহাব সাইদানি জ্বালানি, কৃষি, ওষুধ শিল্প ও জাহাজ নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে আলজেরিয়ার আগ্রহ পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।