সরকার দাম কমালেও বাড়তি দামেই এলপিজি কিনতে হয় মনোহরদীবাসীর

সরকার দাম কমালেও বাড়তি দামেই এলপিজি কিনতে হয় মনোহরদীবাসীর
ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ১৯:১৩

আপডেট: ১১ জুলাই, ২০২৬ ১৯:৩৩

জুলাই মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমিয়েছে বাংলাদেশের এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গত ০২ জুলাই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৫২৮ টাকা। আগের তুলনায় প্রায় ৩০০ টাকা দাম কমানো হলেও নরসিংদীর মনোহরদী উপজেলার অধিকাংশ এলাকায় এখনো ১ হাজার ৮০০ টাকা বা তারও বেশি দামে সিলিন্ডার বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন বাজার ও পাড়া মহল্লার ছোট-বড় দোকানে এলপিজি গ্যাস বিক্রি হয়।

নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মানুষ রান্নার কাজে এই গ্যাসের উপর নির্ভরশীল। কিন্তু সরকারি মূল্য কমানোর ১০/১২ দিন পরও আগের দামে গ্যাস কিনতে বাধ্য হওয়া ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা।

স্থানীয়দের অভিযোগ, এলপিজি গ্যাসের বাজার নিয়ন্ত্রণে কার্যকর তদারকির অভাবে ডিলার ও সরবরাহকারী পর্যায়ে অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে। ফলে সরকারি মূল্য নির্ধারণের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না।

চন্দনপুর এলাকার বাসিন্দা শাহাদাত হোসেন বলেন, 'সরকার গ্যাসের দাম কমিয়েছে জেনে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছিল কিন্তু বাস্তবে তার কোনো সুফল পাচ্ছিনা।'

গাবতলী এলাকার ব্যবসায়ী সাঈদ মিয়া বলেন, 'গ্যাসের দাম কমার খবরে আমরা খুশি হয়েছিলাম। কিন্তু এখনো আগের দামেই কিনতে হচ্ছে। সরকারি নির্দেশনা কেউ মানছে না।'

খুচরা বিক্রেতাদের দাবি, ডিলারদের কাছ থেকেই তারা আগের দামে গ্যাস কিনছেন। তাই বাধ্য হই আগের দামেই বিক্রি করতে হচ্ছে।'

চালাকচর বাজারের ডিলার হানিফ মিয়া বলেন, 'সরকার ঘোষিত নির্ধারিত দামেই বিক্রি করছি। তবে কোনো খুচরা বিক্রেতা অতিরিক্ত দামে বিক্রি করলে এর দায় আমার না। 

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহাইমিন আল জিহান বলেন, 'সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রির কোনো সুযোগ নেই। খিদিরপুর, চরমনদালিয়াসহ বিভিন্ন জায়গায় অভিযান অব্যাহত রয়েছে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি বিক্রির অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বাজার তদারকি আরও জোরদার করা হবে যাতে ভোক্তারা সরকারি নির্ধারিত মূল্যে এলপিজি গ্যাস কিনতে পারেন।'