বর্জ্য থেকে বিদ্যুৎ: ঢাকার বিদ্যুতের চাহিদা মেটাবে নতুন দুই প্রকল্প

বর্জ্য থেকে বিদ্যুৎ: ঢাকার বিদ্যুতের চাহিদা মেটাবে নতুন দুই প্রকল্প
রবিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে বর্জ্য থেকে শক্তি প্রকল্প বিষয়ক এক বৈঠকে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬ ১৫:৫৪

আপডেট: ১২ জুলাই, ২০২৬ ২০:৩৫

ঢাকা শহরের ময়লা-আবর্জনা থেকে পরিবেশবান্ধব উপায়ে বিদ্যুৎ তৈরির দুটি বড় প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে এই কেন্দ্রগুলোকে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত করার কথা বলেছেন তিনি।

বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক বিশেষ বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার আমিনবাজার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এলাকার মাতুয়াইলের এই বিদ্যুৎ প্রকল্প দুটি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বিদ্যুৎ খাতের কর্মকর্তারা জানান, চীনের মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশনের টাকায় আমিনবাজারের প্রকল্পটি তৈরি হবে। এখানে প্রতিদিন ঢাকা শহরের প্রায় ৩ হাজার টন ময়লা পুড়িয়ে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করা হবে। চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের আগস্ট মাসের মধ্যে এই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেওয়া শুরু হবে। এই প্রকল্প থেকে আগামী ২৫ বছর টানা বিদ্যুৎ পাওয়া যাবে।

অন্যদিকে, মাতুয়াইলের দ্বিতীয় বিদ্যুৎকেন্দ্রটি তৈরি করবে দক্ষিণ কোরিয়ার কোম্পানি বি অ্যান্ড এফ গ্রুপ। এই প্রকল্পে শহরের ময়লা থেকে উন্নত মানের মিথেন গ্যাস তৈরি করা হবে। এই গ্যাস দিয়ে বছরে প্রায় ৮১ হাজার মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ তৈরি হবে। এই কেন্দ্রে সৌরবিদ্যুতের ব্যবস্থাও থাকবে। এছাড়া বিদ্যুৎ তৈরির সময় যে তাপ বের হবে, তা দিয়ে জৈব সার, পশুখাদ্য ও পরিবেশবান্ধব ইট বানানো হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এই দুটি প্রকল্প ঢাকার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও উন্নত করবে। পরিবেশবান্ধব এই বিদ্যুৎ সাধারণ জ্বালানির ওপর নির্ভরতা কমাবে। পাশাপাশি এটি পরিবেশ দূষণ কমাবে এবং জলবায়ু রক্ষায় সাহায্য করবে।

কাজে যেন কোনো ধরনের দেরি না হয়, সে জন্য স্থানীয় সরকার, বিদ্যুৎ ও পরিবেশ মন্ত্রণালয়কে নিয়ে একটি যৌথ দল বা টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, শহরের মানুষের বাড়তি বিদ্যুতের চাহিদা মেটাতে সঠিক সময়ের মধ্যে এই প্রকল্পগুলোর কাজ শেষ করা খুবই জরুরি।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এছাড়া ডিএনসিসি প্রশাসক এম শফিকুল ইসলাম খান এবং ডিএসসিসি প্রশাসক আবদুস সালামও আলোচনায় অংশ নেন। সরকারি কর্মকর্তাদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং বিদ্যুৎ খাতের বেশ কয়েকজন বড় প্রকৌশলী।