ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটুম্বুর। এর ফলে বেড়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই কৃত্রিম হ্রদে বর্তমানে পানির পরিমাণ দাঁড়িয়েছে ৯৭ ফুট এমএসএল, যেখানে হ্রদটির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল। অর্থাৎ পানি সংরক্ষণের জন্য এখনো পর্যাপ্ত সুযোগ রয়েছে হ্রদে। পানির স্তর বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে বিদ্যুৎ উৎপাদনও- কেন্দ্রটির উৎপাদন এখন পৌঁছেছে ২০২ মেগাওয়াটে, যদিও এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২৩০ থেকে ২৪০ মেগাওয়াট।
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. তারেক আহমেদ বলেন, 'টানা বর্ষণে হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় গত ২৪ ঘণ্টায় কেন্দ্রটিতে ২০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছে, যা সরাসরি জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। হ্রদে পানির পরিমাণ আরও বাড়লে উৎপাদনও বাড়বে।'
পরিবেশবান্ধব ও সাশ্রয়ী এই জলবিদ্যুৎ দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানানো হয়েছে।
আরো পড়ুন: