ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর শহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশনে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।
খুজেস্তান প্রদেশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মাহশাহরের একটি কৃষি পানি পাম্পিং স্টেশন লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে স্থাপনাটির নিরাপত্তার দায়িত্বে থাকা একজন নিহত হন এবং আরও চারজন আহত হন।
প্রদেশটির নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বিষয়ক ডেপুটি গভর্নর ভালিওল্লাহ হায়াতি বলেন, সোমবার ভোরে হামলাটি সংঘটিত হয়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে এবং চিকিৎসকরা তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
এদিকে, ইরানের গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালির কেশম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রোববার (১২ জুলাই) রাতে ইরানি সংবাদমাধ্যম মেহের ও ফার্স নিউজ এ তথ্য জানায়। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পরে কেশম দ্বীপের গভর্নর হোসেইন আমির জানান, শত্রুপক্ষের ছোড়া ১০ থেকে ১১টি বস্তু—সম্ভাব্য ক্ষেপণাস্ত্র—দ্বীপটিতে আঘাত হানে। তার দাবি, হামলাগুলো সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হয়েছে এবং সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এর আগে রোববার রাতভর ইরানের উপকূলীয় বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের পাঁচটি দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
আরো পড়ুন: