বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়ানোর শঙ্কা

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়ানোর শঙ্কা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই, ২০২৬ ১২:১৪

হরমুজ প্রণালিকে ঘিরে চলমান অচলাবস্থা এবং ইরান-যুক্তরাষ্ট্রের নতুন করে পাল্টাপাল্টি হামলার জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী। জ্বালানি বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির আরও অবনতি হলে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম দ্রুতই প্রতি ব্যারেল ৮০ ডলার ছাড়িয়ে যেতে পারে।

আন্তর্জাতিক বাজারের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নতুন বিমান হামলার পর রোববারের প্রাথমিক লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে। এর আগে কয়েকদিনের নিম্নমুখী প্রবণতায় এই বেঞ্চমার্ক তেলের দাম নেমে এসেছিল ৭০ দশমিক ১৪ ডলারে।

একই সময়ে মার্কিন অপরিশোধিত জ্বালানি তেল (ইউএস ক্রুড)-এর দামও ৩ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৭৩ দশমিক ৮৩ ডলারে দাঁড়িয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে জর্জ মেসন ইউনিভার্সিটির সিনিয়র ভিজিটিং ফেলো ও জ্বালানি বিশেষজ্ঞ ওমিদ শোকরি বলেন, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের কারণে তেলের বাজারে নতুন করে ভূ-রাজনৈতিক ঝুঁকি (Geopolitical Risk) তৈরি হয়েছে। এ কারণে ব্যবসায়ীরা তেলের দামের সঙ্গে অতিরিক্ত ‘জিওপলিটিক্যাল রিস্ক প্রিমিয়াম’ যোগ করছেন, যা ব্রেন্ট ক্রুডের দাম ৮০ ডলারের ওপরে নিয়ে যেতে পারে।

তার মতে, যদি চলমান সংঘাতের কারণে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা সৃষ্টি হয় অথবা উপসাগরীয় অঞ্চলের তেল উৎপাদন ও রপ্তানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও দ্রুত বাড়তে পারে।

ওমিদ শোকরি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা যতদিন থাকবে, ততদিন তেলের বাজারে উচ্চমূল্য ও অস্থিরতা অব্যাহত থাকতে পারে। তবে শেষ পর্যন্ত তেলের দাম কতটা বাড়বে, তা নির্ভর করবে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা কতটা বিঘ্নিত হয় তার ওপর।