পেট্রোল ৫ টাকা, ডিজেল ৩১ টাকা দাম বাড়ল পাকিস্তানে

পেট্রোল ৫ টাকা, ডিজেল ৩১ টাকা দাম বাড়ল পাকিস্তানে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১২:৩৫

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তিন দিনের জন্য প্রতি লিটার পেট্রোলের দাম বাড়ানো হয়েছে ৫ টাকা ৪৪ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম বাড়ানো হয়েছে ৩১ টাকা ৫ পয়সা।

দাম বৃদ্ধির পর পাকিস্তানে প্রতি লিটার পেট্রোলের নতুন মূল্য দাঁড়িয়েছে ৩১৬ টাকা ১৫ পয়সা এবং হাই-স্পিড ডিজেলের দাম হয়েছে ৩৫৪ টাকা ৩৫ পয়সা।

পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন মূল্য শনিবার (১৮ জুলাই) থেকে কার্যকর হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানায়, আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা এবং আমদানি ব্যয়ের পরিবর্তনের কারণে সরকার জ্বালানির মূল্য সমন্বয় করেছে।

এর আগে গত ৩ এপ্রিল পাকিস্তানে ডিজেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির পর থেকেই দেশটিতে জ্বালানি তেলের বাজারে চাপ তৈরি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পাকিস্তানের পেট্রোলিয়ামমন্ত্রী আলী পারভেজ মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনায় এখন থেকে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী জ্বালানির নতুন মূল্য নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওগ্রা)-কে।

মন্ত্রী আরও বলেন, ওগ্রা শুধু তাদের ওয়েবসাইটে নতুন দাম প্রকাশ করবে না, বরং পেট্রোলপাম্পে নির্ধারিত দামের কারণও জানাবে।

তবে প্রতিদিন জ্বালানির দাম নির্ধারণের সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল পাকিস্তান ডিলার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি জানিয়েছে, এ সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী সপ্তাহে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।

পাকিস্তানে পেট্রোল ও হাই-স্পিড ডিজেল সবচেয়ে বেশি ব্যবহৃত জ্বালানি। প্রতি মাসে এ দুই ধরনের জ্বালানির চাহিদা প্রায় ৭ থেকে ৮ লাখ টন বলে জানা গেছে।