গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত, ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত, ১০ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬ ১৪:২৪

গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের জন্য শনিবার (১৮ জুলাই) দেশের কয়েকটি এলাকায় মেইন লাইনের গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। জরুরি মেরামত কাজের কারণে এই সাময়িক বিঘ্ন ঘটবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নরসিংদীর আমিরগঞ্জ, রায়পুরা ও আশপাশের এলাকায় ১৪ ইঞ্চি সঞ্চালন গ্যাস পাইপলাইনে অবৈধ সংযোগের কারণে সৃষ্ট লিকেজ মেরামতের কাজ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ মেরামত কাজের জন্য আশুগঞ্জ থেকে নরসিংদী পর্যন্ত গ্যাস সরবরাহ শনিবার দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে বিকল্প সঞ্চালন লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি মেরামত কাজ শেষ হলে নির্ধারিত সময়ের পর ধীরে ধীরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।