নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে চীনে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি ইরানের

নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে চীনে ৬০০ কোটি ডলারের তেল বিক্রি ইরানের
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০ জুলাই, ২০২৬ ১১:০১

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের স্বল্প সময়ের মধ্যেই চীনের কাছে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল বিক্রি করেছে ইরান—এমন দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

প্রতিবেদন অনুযায়ী, নিষেধাজ্ঞা প্রত্যাহারের ২০ দিনের মধ্যে ইরান প্রায় ৬০০ কোটি ডলার মূল্যের অপরিশোধিত তেল চীনে পাঠিয়েছে। ১৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ১৩ দিনে প্রায় ৭ কোটি ব্যারেল তেল চীনের বন্দরে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, নিষেধাজ্ঞা শিথিল হওয়ার পর ইরান প্রায় ২০টি ট্যাংকার জাহাজ ব্যবহার করে মালয়েশিয়ার পূর্ব উপকূল হয়ে চীনে তেল পাঠিয়েছে।

এর আগে ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা চুক্তির পর ইরানি তেলের ওপর থাকা রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল যুক্তরাষ্ট্র। তবে আঞ্চলিক উত্তেজনা বাড়ার পর ৭ জুলাই আবারও নিষেধাজ্ঞা কার্যকর করা হয়।

১৯৭৯ সালের পর থেকেই বিভিন্ন পর্যায়ে ইরানের তেল রপ্তানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি রয়েছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে চীন ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হিসেবে উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইরানের মোট তেল রপ্তানির বড় অংশই চীনে যায়। নিষেধাজ্ঞার সময় ইরানি ট্যাংকারগুলো অনেক ক্ষেত্রে দক্ষিণ চীন সাগরের ইস্টার্ন আওটার পোর্ট লিমিটস (EOPL) এলাকায় গিয়ে চীনা ট্যাংকারে তেল স্থানান্তর করে।

তবে নতুন করে নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর ইরানের তেল পরিবহন ব্যবস্থা আরও চাপে পড়েছে। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা।