এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের শঙ্কা

এলএনজি সরবরাহ কমায় তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকটের শঙ্কা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬ ১৭:৩২

আপডেট: ২১ জুলাই, ২০২৬ ১৯:৩৯

কারিগরি ত্রুটির কারণে মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনাল থেকে রিগ্যাসিফায়েড এলএনজি (আরএলএনজি) সরবরাহ কমে গেছে। এতে তিতাস গ্যাসের আওতাধীন এলাকায় তীব্র গ্যাস সংকটের আশঙ্কা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, মহেশখালীর এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি সমস্যার কারণে আরএলএনজি সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমেছে।

সরবরাহ পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তিতাসের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও অন্যান্য শ্রেণির গ্রাহকদের গ্যাসের চাপ কম থাকতে পারে বলে জানানো হয়েছে।

তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, গ্যাস সরবরাহ ঘাটতির কারণে অনেক এলাকায় স্বাভাবিকের তুলনায় চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। এতে শিল্প উৎপাদন, বাণিজ্যিক কার্যক্রম এবং আবাসিক গ্রাহকদের দৈনন্দিন কাজে ভোগান্তি সৃষ্টি হতে পারে।

সাময়িক এই সমস্যার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক করতে সংশ্লিষ্টরা কাজ করছে বলেও জানানো হয়েছে।