তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়াল

তেলের দাম ব্যারেলপ্রতি ৯২ ডলার ছাড়াল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬ ১৩:৩৬

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের হামলার পর এশিয়ার বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

বুধবার (২২ জুলাই) গ্রিনিচ মান সময় রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেনে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে পৌঁছায়। এটি গত ১১ জুনের পর সর্বোচ্চ দাম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে উঠেছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত পুনরায় শুরু হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে হামলার মাত্রা বাড়িয়েছে ইরান। এতে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

ইরানের দাবি, হরমুজ প্রণালী দিয়ে চলাচলের নির্দেশনা অমান্য করায় তারা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল বন্ধ করে দিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালীতে কোনো ধরনের দীর্ঘমেয়াদি অচলাবস্থা তৈরি হলে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং তেলের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।