ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ (পবিস-৪) এর আওতাধীন বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে তিনটি অবৈধ বিদ্যুৎ সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় বিদ্যুৎ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামও জব্দ করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২২ জুলাই) ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর সদর দপ্তরের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে সমিতি জানায়, পশ্চিম ব্রাহ্মণকিত্তা এলাকায় একটি আবাসিক মিটারের সোর্স সাইডে তার সংযুক্ত করে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহারের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে হাতেনাতে শনাক্ত করা হয়।
একই অভিযানে নবাবচর এলাকায় দুটি অটোচার্জিং স্টেশনে মিটারের সোর্স সাইডে তার সংযুক্ত করে বিদ্যুৎ চুরির ঘটনাও ধরা পড়ে।
অভিযান চলাকালে অবৈধভাবে ব্যবহৃত তিনটি বিদ্যুৎ সংযোগের মিটার, সার্ভিস ড্রপ এবং বিদ্যুৎ চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পবিস-৪।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ চুরি প্রতিরোধ এবং নিরবচ্ছিন্ন ও সুষ্ঠু বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে অবৈধ সংযোগ ও বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও সতর্কবার্তা দেওয়া হয়েছে।
আরো পড়ুন: