কারিগরি ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটে তিতাস এলাকা

কারিগরি ত্রুটিতে কমেছে এলএনজি সরবরাহ, গ্যাস সংকটে তিতাস এলাকা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬ ১১:৪৭

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালগুলোতে কারিগরি ত্রুটির কারণে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় তিতাস গ্যাসের আওতাভুক্ত এলাকায় তীব্র সংকট দেখা দিয়েছে। শিল্প, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক—সব শ্রেণির গ্রাহকই গ্যাসের স্বল্পচাপের সমস্যায় পড়েছেন।

রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে পুনঃগ্যাসীকৃত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (আরএলএনজি) সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বর্তমানে সরবরাহ প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি) কমেছে।

তিতাস জানায়, পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তাদের আওতাধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে। এর ফলে গ্রাহক পর্যায়ে স্বাভাবিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কারিগরি ত্রুটি নিরসনে কাজ করছে বলে জানিয়েছে তিতাস গ্যাস। একই সঙ্গে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।