দেশীয় গ্যাসের মজুত বাড়াতে অনুসন্ধান কার্যক্রমে গতি আনছে সরকার। এ লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)-এর জন্য আরও দুটি আধুনিক ড্রিলিং রিগ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন রিগ যুক্ত হলে বাপেক্সের বহরে রিগের সংখ্যা বেড়ে হবে সাতটি।
রোববার (২৬ জুলাই) এ তথ্য জানিয়েছেন পেট্রোবাংলার চেয়ারম্যান মো. আবদুল মান্নান।
তিনি জানান, দুটি আধুনিক অনুসন্ধান কূপ খনন রিগ কেনার প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে। বর্তমানে বাপেক্সের বহরে বিজয়-১০, বিজয়-১১, বিজয়-১২, বিজয়-১৮ এবং আইপিএস-১—মোট পাঁচটি রিগ রয়েছে। নতুন দুটি রিগ যুক্ত হলে প্রতিষ্ঠানটির রিগের সংখ্যা বেড়ে সাতটিতে উন্নীত হবে।
পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ২ হাজার হর্সপাওয়ার ক্ষমতাসম্পন্ন একটি রিগ কেনার প্রস্তাব বর্তমানে মূল্যায়ন পর্যায়ে রয়েছে। পাশাপাশি ১ হাজার ৫০০ হর্সপাওয়ারের আরেকটি রিগ সংগ্রহের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুত করা হচ্ছে।
ডিপিপি চূড়ান্ত হওয়ার পর অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হবে।
দেশীয় গ্যাস উৎপাদন বাড়াতে বাপেক্স বর্তমানে অনুসন্ধান, উন্নয়ন এবং ওয়ার্কওভার কার্যক্রমের আওতায় বিভিন্ন কূপ খনন করছে। এ লক্ষ্যে সম্প্রতি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) একটি মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপ এবং দুটি অনুসন্ধান কূপ খননের প্রকল্প অনুমোদন করেছে।
প্রকল্পের আওতায় বেগমগঞ্জ-৫ মূল্যায়ন-সহ-উন্নয়ন কূপটি প্রায় ৩ হাজার ৫৫০ মিটার, বেগমগঞ্জ-৬ অনুসন্ধান কূপটি প্রায় ৩ হাজার ৪০০ মিটার এবং সুনেত্রা-২ অনুসন্ধান কূপটি প্রায় ৫ হাজার ৩০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে।
পেট্রোবাংলা জানিয়েছে, এসব কূপে গ্যাসের সন্ধান মিললে পরবর্তী ধাপে পরীক্ষণ ও উৎপাদনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।
আরো পড়ুন: