নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন: ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬ ১৫:৪২

নরসিংদীর বাসাইল ও ঘোড়াশাল এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে যৌথ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাতটি মামলায় মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রোববার (২৬ জুলাই) পরিচালিত এ অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি গ্যাসের অপচয় ও অবৈধ ব্যবহার রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

অভিযানে বাসাইল এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় তিনটি মামলায় মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘোড়াশাল এলাকায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর আওতায় তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর আওতায় একটি মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, গ্যাসের অপচয় রোধ এবং অবৈধ ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নেপাল কান্তি দেব।