উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা

উত্তর ইরাকের বৃহত্তম গ্যাসক্ষেত্রে ড্রোন হামলা
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬ ১১:৪২

উত্তর ইরাকের কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের গুরুত্বপূর্ণ খোর মোর গ্যাসক্ষেত্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এই বৃহৎ গ্যাসক্ষেত্রকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

খোর মোর গ্যাসক্ষেত্র থেকে কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের বেশিরভাগ বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। ফলে এই হামলার কারণে জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

একই সময়ে হামলাস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে কুর্দি অঞ্চলের রাজধানী এরবিলে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ইরাকি সংবাদমাধ্যম ও ইরানের বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, এরবিলে মার্কিন কনস্যুলেটের আশপাশসহ কয়েকটি এলাকায় অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, এরবিলের উত্তর-পূর্বাঞ্চলের খালিফান ও সোরান এলাকার বিভিন্ন স্থাপনাকে লক্ষ্য করে কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হামলার পর এরবিলের আকাশে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান ও ড্রোন টহল দিতে দেখা যায় বলে জানিয়েছে স্থানীয় সূত্র। পাশাপাশি কয়েকটি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা সামরিক উত্তেজনার পর গত শুক্রবার থেকে যুক্তরাষ্ট্র অভিযান স্থগিত করে। এরপর ইরানও পাল্টা হামলা থেকে বিরত ছিল বলে জানা যায়।

তবে উত্তর ইরাকে নতুন এই ড্রোন হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের ঘাটতির কারণে অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবি প্রত্যাখ্যান করে বলেছেন, মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা স্থগিত করা হয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং ইতিবাচক অগ্রগতির সম্ভাবনা রয়েছে।