প্রথম জাপানি সিনেমা হিসেবে ১০০ বিলিয়ন ইয়েন আয়ের রেকর্ড গড়ল ‘ডেমন স্লেয়ার'

প্রথম জাপানি সিনেমা হিসেবে ১০০ বিলিয়ন ইয়েন আয়ের রেকর্ড গড়ল ‘ডেমন স্লেয়ার'

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর, ২০২৫ ১৬:১৬

জাপানের জনপ্রিয় মাঙ্গা সিরিজের সর্বশেষ কাহিনী নিয়ে তৈরি সিনেমা ‘ডেমন স্লেয়ার’। প্রথম জাপানি সিনেমা হিসেবে বিশ্বজুড়ে ১০০ বিলিয়ন ইয়েন (প্রায় ৬৪৪ মিলিয়ন ডলার) আয়ের রেকর্ড গড়েছে এটি। চলচ্চিত্রটির পরিবেশকরা এ তথ্য জানিয়েছে।

মাঙ্গা ফ্র্যাঞ্চাইজি হল জাপানের জনপ্রিয় কমিকস সিরিজ। এটি থেকে নানা ধরনের পণ্য, গেম, অ্যানিমেটেড কার্টুন, এমনকি সিনেমাও তৈরি হয়।

টোকিও থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

‘ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা-ইনফিনিটি ক্যাসেল: পার্ট ১’ সিনেমাটির কাহিনী তলোয়ারধারী তানজিরো কামাদোর চূড়ান্ত লড়াইয়ের গল্প। সেখানে সে দানবদের পরাস্ত করে তার বোনকে আবার মানুষে রূপ দেওয়ার চেষ্টা করে। তিন পর্বে তৈরি হতে যাওয়া সিরিজের এটিই প্রথম সিনেমা। 

জাপান বাইরে গত আগস্টে উত্তর আমেরিকায় এবং গত শুক্রবার চীনে চলচ্চিত্রটি মুক্তি দেওয়া হয়।

জাপানের দুই শীর্ষ চলচ্চিত্র ও অ্যানিমেশন প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান হল অ্যানিপ্লেক্স ও তোহো। সোমবার তারা জানায়, বিশ্বব্যাপী ৮৯.১৭ মিলিয়ন দর্শককে আকৃষ্ট করেছে চলচ্চিত্রটি। 

তবে খোদ জাপানে আয়ের দিক থেকে এই অ্যানিমেটেড চলচ্চিত্রটি দ্বিতীয় অবস্থানে রয়েছে। যদিও ইতোমধ্যেই ২০০১ সালে স্টুডিও ঘিবলির জাপানি ফ্যান্টাসি অ্যানিমেশন ‘স্পিরিটেড অ্যাওয়ে’ এর আয়ের রেকর্ড ছাড়িয়ে গেছে।

দেশটিতে ২০২০ সালে মুক্তি পাওয়া ‘ডেমন স্লেয়ার: মুগেন ট্রেন’ আয়ের দিক এখনও রয়েছে প্রথম স্থানে। সিনেমাটি কোভিড-১৯ মহামারীর সময়ও ব্যাপক সাড়া ফেলেছিল।

জাপানি মাঙ্গার (কমিক্স বা গ্রাফিক্স উপন্যাস) মূল বই লিখেছেন শিল্পী কোয়োহারু গোতুজ। স্টুডিও ইউফোটেবল এটি দিয়ে অ্যানিমেশন হিসেবে তৈরি করেছে। সিনেমার ভিজ্যুয়াল মান ‘ডেমন স্লেয়ার’ কে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

সর্বশেষ সিনেমাটিতে চোখ ধাঁধানো ভিজ্যুয়াল এফেক্টও দেখা যায়। সেখানে দানবদের সঙ্গে অ্যাক্রোব্যাটিক লড়াই খুবই দ্রুতগতিতে এবং বহুতলবিশিষ্ট কেল্লায় দেখানো হয়েছে।

মূল মাঙ্গা অন্যান্য জাপানি ব্লকবাস্টারের মত নয়। উদাহরণস্বরূপ, ‘ওয়ান পিস’ ১০০-এর বেশি খণ্ডে বিস্তৃত, কিন্তু ‘ডেমন স্লেয়ার’-এর খণ্ড সংখ্যা মাত্র ২৩।

জাপানে অ্যানিমেশন সবসময় রাজত্ব করলেও অন্যান্য দেশেও এর জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

চীনের অ্যানিমেটেড ফ্যান্টাসি ‘নে ঝা ২’ ২০২৫ সালে বিশ্বে সর্বোচ্চ আয় করা সিনেমা। আর নেটফ্লিক্সে সবচেয়ে বেশি দেখা হয়েছে অ্যানিমেটেড সিনেমা ‘কেপপ ডেমন হান্টার্স’।