না বুঝে জুয়ার ওয়েবসাইটের (বেটিং সাইট) সঙ্গে জড়িয়ে পড়েছিলেন অভিনেত্রী ও মডেল সাদিয়া জাহান প্রভা। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে সেই কোম্পানির প্রমোশনের কাজ থেকে সরে দাঁড়ান তিনি।
মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিও বার্তায় প্রভা তার এই অভিজ্ঞতার বিস্তারিত বিবরণ দেন প্রভা।
তিনি বলেন, 'গত রোজার মাসে একটি কোম্পানি তার সঙ্গে যোগাযোগ করে। তারা গেমিং ওয়েবসাইট হিসেবে পরিচয় দিলেও, জুয়া বা বেটিং সংক্রান্ত বিষয়গুলো তার কাছে গোপন করে। তিনি যেহেতু গেমস বা এই ধরনের সাইট সম্পর্কে মোটেও পরিচিত নন, তাই তিনি বার বার জানতে চেয়েছিলেন সাইটটি কিসের জন্য কাজ করবে। কোম্পানি তাকে জানায় যে এটি মূলত টি-টোয়েন্টি খেলা ও বিভিন্ন গেম দেখাবে।'
প্রভা বলেন, 'চুক্তি স্বাক্ষরের দিন একটি ছোট বাইটস (ভিডিও ক্লিপ) দিতে বলা হয়। টোকেন মানি (অগ্রিম) নেওয়ার পর তিনি শুধুমাত্র এটি বলে একটি ছোট বাইট দেন যে, তিনি এই সাইটের সঙ্গে আছেন।'
ভিডিওটি প্রকাশের পরই সামাজিক মাধ্যমে দর্শকদের মন্তব্যের মাধ্যমে প্রভা জানতে পারেন যে, এটি আসলে একটি জুয়া বা বেটিং সাইটের প্রচার।
প্রভা বলেন, 'আমি তো আর জানতাম না যে এটা একটা বেটিং, যেটা খুবই ভুল এবং অবৈধ। রাইট? পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষজন যখন আমাকে বলল যে এটা নেগেটিভ কাজ করছেন, তখনই আমার টনক নড়ল।'
এরপর তিনি দ্রুত কোম্পানির সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে জানায় যে তিনি হয়তো বেটিং ওয়েবসাইটের অর্থ জানেন না। প্রভা তখন স্পষ্ট জানিয়ে দেন, তিনি অজ্ঞতার কারণেই বার বার জিজ্ঞেস করেছিলেন এটি কিসের গেম।
বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রমোশন কাজ থেকে সরে দাঁড়ান। প্রভা বলেন, 'কোম্পানি তাকে নানা ভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করলেও তিনি সেই কাজ আর করেননি।'
প্রভা আরও বলেন, 'থ্যাংক গড আমি দর্শকদের মাধ্যমে জানতে পেরেছি যে এটা একটা জুয়ার প্রমোশন এবং সাথে সাথে জিনিসটা আমি স্থগিত করেছি।'
প্রভা বলেন, 'ভবিষ্যতে তিনি কখনোই কোনো জুয়ার প্রমোশন বা বেটিং ওয়েবসাইটের প্রচার করবেন না। তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানান, যাতে তার এই বক্তব্যটি সঠিক ভাবে প্রচার করা হয় যে তিনি প্রমোশনটি করতে গিয়েছিলেন, কিন্তু অবৈধ জানতে পেরে তা করেনি।'
তিনি জানিয়েছেন, এটি সম্পূর্ণই একটি ভুল বোঝাবুঝি (মিস আন্ডারস্ট্যান্ডিং), যার কারণে দীর্ঘ সময় ধরে তিনি নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন।
আরো পড়ুন: