শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার খুব ইচ্ছা ছিল: ফারিণ

শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার খুব ইচ্ছা ছিল: ফারিণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ ডিসেম্বর, ২০২৫ ১৯:৫৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে বিনোদন জগতের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণের নতুন গান। বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত ‘মন গলবে না’ গানে অন্য রকম এক ফারিণকে দেখা গেছে।

পপ ধাঁচের গানটি নিয়ে অভিনেত্রীর মন্তব্য ঠিক এমন- ‘আমার এই গানে ফিউশন ঘটাতে চেয়েছি। আশি ও নব্বইয়ের দশকের অনুভূতির সঙ্গে এই সময়টাকে মিলিয়ে কিছু একটা করতে চেয়েছি। সঙ্গে একটা গল্প রেখেছি। আবার শিল্পের সঙ্গে বাণিজ্যিক কিছু উপাদানও রয়েছে। আমি ও আমার টিম চেষ্টা করেছি আমাদের চিন্তা-ভাবনা তুলে ধরতে।’

‘মন গলবে না’ গানটি সামাজিক মাধ্যমে প্রকাশের পর নেটিজেনদের মাঝে বেশ সাড়া ফেলেছে। এ আনন্দের মাঝেই নতুন খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি রুপালি পর্দায় আসছেন বাংলার কিং শাকিব খানের নায়িকা হয়ে নিয়ে। একটি গণমাধ্যমে এমন কথাই জানিয়েছেন ফারিণ।

এর আগে মেরিল-প্রথম আলো অনুষ্ঠানে মঞ্চে পুরস্কার নিতে উঠেছিলেন শাকিব খান। উপস্থাপনায় ছিলেন তাসনিয়া ফারিণ ও আফরান নিশো। কথোপকথনের একপর্যায়ে শাকিব খানের সঙ্গে সিনেমায় কাজ করার কথা জানান ফারিণ। উপস্থিত দর্শকদের সামনে অভিনেত্রী বলেন, ‘ভাইয়া, আপনার পরের সিনেমায় আমি কি অডিশন দিতে পারি?’

সে দিন শাকিব খান বলেছিলেন- ‘তোমার অডিশন লাগবে না।’ কয়েক মাসের মধ্যেই সেই কথা বাস্তবে রূপ নিল। ঘোষণা এসেছে- শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’র তিন নায়িকার মধ্যে একজন হচ্ছেন- তাসনিয়া ফারিণ। 

সিনেমাটি পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। সেই সিনেমায় তাসনিয়া ফারিণের চরিত্রটি একজন চিত্রনায়িকার। তবে এ নিয়ে এখনই কিছুই বলতে চাইলেন না অভিনেত্রী।

শুধু এটুকুই তিনি বললেন, শাকিব ভাইয়ের সঙ্গে সিনেমা করার আমারও খুব ইচ্ছা ছিল। সে কারণে আমি খুব খুশি। একটা ভালো সিনেমা দিয়েই তা হচ্ছে। চুক্তি সই করার পর শাকিব ভাইকে ফোন করেছিলাম, তিনি অভিনন্দন জানিয়েছেন।’ 

ফারিণ বলেন, ডিসেম্বরেই শুরু হচ্ছে ‘প্রিন্স’ সিনেমার শুটিং।

এই অভিনেত্রী বলেন, ‘ফাতিমা' সিনেমা দিয়ে আমার বড়পর্দার জার্নি শুরু। মনে হচ্ছে, জার্নিটা ধাপে ধাপে দারুণ যাচ্ছে। 'ইনসাফ' সিনেমায় যা কিছু শিখেছি, সেসব অভিজ্ঞতা ‌প্রিন্স'- এ কাজে লাগবে। একইসঙ্গে যা যা দুর্বলতা ছিল, তা কাটিয়ে ওঠার চেষ্টা করব। নাচটা আরেকটু ভালো ভাবে রপ্ত করতে চাই। এর বাইরে পুরোটাই মানসিক প্রস্তুতি।

ছোটপর্দার পাশাপাশি বড়পর্দায় অভিষেক হয় ধ্রুব হাসানের ‘ফাতিমা’ সিনেমার মধ্যে দিয়ে। এরপর কাজ করেছেন কলকাতার অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ এবং গত ঈদ-উল-আজহায় মুক্তি পাওয়া বাংলাদেশি সঞ্জয় সমাদ্দার পরিচালিত ‘ইনসাফ’ সিনেমাতে অভিনয় করেন।