রোজার সঙ্গে বিচ্ছেদের খবর সত্য: তাহসান

রোজার সঙ্গে বিচ্ছেদের খবর সত্য: তাহসান

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি, ২০২৬ ২০:০৯

গত বছরের ০৪ জানুয়ারি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। কিন্তু বিয়ের বছর পেরোতেই প্রকাশ্যে এলো তাদের বিচ্ছেদের খবর। 

জানা গেছে, গত কয়েক মাস ধরে আলাদা থাকছেন এই দম্পতি। গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন তাহসান খান নিজেই।

শনিবার থেকে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে তাহসানের বিচ্ছেদের খবর। রোববার তাহসান নিজেই জানান, গুঞ্জন নয়, খবরটি সত্য। 

তবে এ বিষয়ে কথা বলতে আগ্রহী না জানিয়ে তাহসান বলেন, ‘এটা আমার জীবনের অনেক বড় প্রসঙ্গ। এখন এসব নিয়ে কিছু বলতে চাই না। সব চূড়ান্ত হোক, তখন দেখা যাবে।’

তিনি  বলেন, ‘এখন আমি আসলে পাবলিকলি কিছু বলতে চাই না। সঠিক সময় এলে বলব। এতটুকু বলতে পারি যে, সম্প্রতি আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন নিয়ে খবরগুলো সত্য নয়।’

তবে বাস্তবে আলাদা থাকলেও রোজা আহমেদের ইনস্টাগ্রামে তাকালে ভিন্ন চিত্র চোখে পড়ে। এখনো তার প্রোফাইলের প্রথম পিন করা ছবিটিই তাহসানের সঙ্গে বিয়ের ছবি। শুধু তাই নয়, বিয়ের পর দেশ-বিদেশে ঘোরাঘুরির নানা মুহূর্তের ছবিও আগের মতোই রয়েছে রোজার প্রোফাইলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাহসানকে মুছে ফেলার কোনো ইঙ্গিত এখনো দেখা যায়নি।

চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। ২০২৫ সালের ০৪ জানুয়ারি সকালে ছড়িয়ে পরে তাদের গায়ে হলুদের ছবি। প্রথমে চুপ থাকলেও ওই রাতে বিয়ের ছবি শেয়ার করে ফেসবুকে নিজের লেখা একটি কবিতার মাধ্যমে ভক্তদের এ খবর জানিয়েছিলেন তাহসান।

ক্যাপশনে তিনি লেখেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন। ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’

বিয়ের পর নানা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজেদের ছবি প্রকাশ করেন তাহসান-রোজা। হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে মন খারাপের প্রতিক্রিয়া জানান তাহসানভক্তরা।

রোজা আহমেদ তাহসান খানের দ্বিতীয় স্ত্রী। তিনি পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন। নিউ ইয়র্কে রয়েছে তার নিজস্ব মেকআপ প্রতিষ্ঠান।

এর আগে ২০০৬ সালের ৭ আগস্ট ভালোবেসে অভিনেত্রী মিথিলাকে বিয়ে করেছিলেন তাহসান। ২০১৩ সালের ৩০ জুলাই তারা কন্যাসন্তানের মা-বাবা হন। ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা।