এবার বড় পর্দায় আসছেন নিশো-মেহজাবীন

এবার বড় পর্দায় আসছেন নিশো-মেহজাবীন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ জানুয়ারি, ২০২৬ ২১:৫২

নাটক, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেও বড় পর্দায় দেখা মেলেনি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরীকে। এবার দর্শকের সেই অপেক্ষার সময় শেষ হলো।

জানা গেছে, প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন নিশো ও মেহজাবীন। ‘পুলসিরাত’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করবেন ভিকি জাহেদ। এটি একটি সাসপেন্স-থ্রিলার ঘরানার সিনেমা হতে যাচ্ছে। 

যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে প্রাথমিক প্রস্তুতির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানা গেছে। সবকিছু  ঠিক থাকলে হয়তো শিগগিরই আনুষ্ঠানিক ভাবে ছবিটির কাস্ট, গল্প ও শুটিং সংক্রান্ত বিস্তারিত ঘোষণা করা হবে। 

নিশো ও মেহজাবীন জুটির উল্লেখযোগ্য কিছু কাজের মধ্যে ‘পুনর্জন্ম’, ‘শিল্পী’, ‘শুক্লপক্ষ’, ‘মাইনকার চিপায়’, ‘২২শে এপ্রিল’, ‘ঘটনা সত্য’, ‘নীল জলের কাব্য’ ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিল। যদিও এই জুটির জনপ্রিয় কাজের তালিকা বেশ দীর্ঘই বলা যায়।

সম্প্রতি আফরান নিশো রেদওয়ান রনি পরিচালিত ‘দম’ সিনেমার শুটিং শেষ করেছেন। অন্যদিকে, মেহজাবীন চৌধুরী ‘ক্যাকটাস’ নামের একটি ওয়েব সিরিজে কাজ করছেন।