প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কাজ করবেন না বলে জানিয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং।
প্রজাতন্ত্র দিবসে নতুন সিনেমার গান মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি। ঘোষণার পর থেকেই ভক্তদের মধ্যে ছড়িয়ে পড়ে উদ্বেগ, বিস্ময় ও নানা জল্পনা।
অরিজিতের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখা হয়, 'প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে আর কোনো নতুন কাজ নেব না। এখানেই এটি বন্ধ করছি।' তবে একইসঙ্গে তিনি পরিষ্কার করে দেন, সংগীতচর্চা থেকে সরে যাচ্ছেন না। তার ভাষায়, 'পরিষ্কার করে বলছি- আমি সংগীতের কাজ বন্ধ করছি না।'
ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগীরা। কেউ লিখেছেন, “এটা মানা খুব কঠিন।” আবার কেউ তুলনা করেছেন প্রিয় ক্রিকেটারের অবসরের সঙ্গে।
অরিজিৎ নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এর কারণ জানিয়েছেন। তিনি লিখেছেন, 'এমন একটা সিদ্ধান্ত নেব, অনেক দিন ধরেই ভেবেছিলাম। অবশেষে সাহস জোগাড় করতে পেরে ঘোষণা করলাম। সোজা ভাবে বলতে গেলে, আমার খুব সহজেই একঘেয়েমি চলে আসে। যে কারণে আমি আমার গানের অ্যারেঞ্জমেন্ট প্রায়ই বদলে বদলে মঞ্চে পারফর্ম করি। সেই কারণে আমি ক্লান্ত হয়ে গিয়েছি, নতুন ধরনের সংগীতের খোঁজে নামছি।'
অর্থাৎ, তার এই সরে দাঁড়ানো কোনো অভিমান বা বিতর্কের ফল নয়; বরং সৃষ্টিশীল তাগিদ থেকেই নতুন পথ খুঁজতে চান তিনি।
প্রেম, বিরহ, নাচের গান কিংবা ভক্তিগীতি-সব ধারাতেই সাবলীল অরিজিৎ। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জিয়াগঞ্জ থেকে শুরু হওয়া তার পথচলা আজ বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে। ২০১৩ সালে ‘আশিকি ২’ সিনেমার ‘তুম হি হো’ তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা। এরপর জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননায় ভূষিত হয়েছেন তিনি।
অরিজিতের এই ঘোষণা স্থায়ী সিদ্ধান্ত না কি নতুন সৃজনশীল অধ্যায়ের সূচনা-তা সময়ই বলবে। তবে আপাতত নিশ্চিত, গান থামছে না, বদলাচ্ছে শুধু পথ।
রিয়েলিটি শো থেকে পথচলা শুরু। তারপর কয়েক বছরের নীরব সাধনা-সুরকার প্রীতম চক্রবর্তীর কাছে কাজ শিখে নিজেকে গড়ে তোলা। সেই তরুণ শিল্পীই পরে হয়ে উঠেছেন ভারতীয় সিনেমার গানের অন্যতম নির্ভরযোগ্য কণ্ঠ-অরিজিৎ সিং। হিন্দি থেকে বাংলা, যে ভাষাতেই গান গেয়েছেন, বেশির ভাগই জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে। অথচ সেই তিনিই এবার সিনেমার প্লেব্যাক জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন।
আরো পড়ুন: