সৌদি ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর ২৩ এপ্রিল

সৌদি ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর ২৩ এপ্রিল

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:৪৩

চলতি বছরের সৌদি ফিল্ম ফেস্টিভ্যালের ১২তম আসর বসবে আগামী ২৩ এপ্রিল থেকে। দাহরান শহরের ইথরাতে এ উৎসব চলবে ২৯ এপ্রিল পর্যন্ত।

এবারের থিম ধরা হয়েছে ‘সিনেমা অব দ্য জার্নি’। এর অর্থ প্রতিটি প্রদর্শিত পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য সিনেমা ভ্রমণ বা যাত্রার গল্পকে কেন্দ্র করে সাজানো হবে।

গত বছরের মতো এবারও উৎসবে থাকবে স্পটলাইট অন সিনেমা। এই বিশেষ আয়োজনের মাধ্যমে এবার কোরিয়ান সিনেমার নান্দনিকতা, নির্মাণশৈলী এবং সিনেমাটিক বৈশিষ্ট্য নিয়ে প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এর আগে উৎসবে বিশেষ ভাবে জাপানিজ সিনেমাকে কেন্দ্র করে আয়োজন করা হয়েছিল।

সৌদি চলচ্চিত্র উৎসবের প্রতিষ্ঠাতা ও পরিচালক আহমেদ আল মুল্লা বলেন, ‘আমাদের আয়োজনের মূল কেন্দ্র চলচ্চিত্র নির্মাতারা। এ বছরও আমরা নির্মাতাদের আমন্ত্রণ জানাতে পেরে আনন্দিত। আলোচনা, ধারণা বিনিময় এবং শেখার পরিবেশ সবই থাকবে।’

ডেপুটি ডিরেক্টর তারিক আল খাওয়াজি বলেন, ‘উৎসবটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করতে এবং স্থানীয় প্রতিভাদের বিকাশে বড় ভূমিকা রাখছে।’

সপ্তাহব্যাপী চলবে উৎসবের মূল আয়োজন। এতে প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, ডকুমেন্টারি স্ক্রিনিং এবং চিত্রনাট্য নিয়ে বিশেষ ওয়ার্কশপ। নতুন নির্মাতাদের জন্য থাকবে প্রজেক্ট মার্কেট ও ইন্ডাস্ট্রি প্রোগ্রাম, যা তাদের কাজ বিশ্বমানের পর্যায়ে তুলে ধরতে সাহায্য করবে।

সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল কেবল একটি প্রদর্শনী নয়, এটি আঞ্চলিক সিনেমাকে আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার এবং নতুন প্রতিভাদের সুযোগ দেয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

সৌদি ও উপসাগরীয় অঞ্চলের সিনেমার প্রসারে ২০০৮ সালে যাত্রা শুরু করে সৌদি ফিল্ম ফেস্টিভ্যাল।