বড় পর্দার অভিনেত্রী শবনম বুবলী এবার হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। এতোদিন পর্দায় বিভিন্ন গানে ঠোঁট মেলালেও এবার গান গেয়েছেন নিজ কণ্ঠেই। সেই গানের চমক নিয়েই হাজির হবেন জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে।
এবারের ঈদে প্রচারিতব্য ইত্যাদির বিশেষ পর্বে সংগীতশিল্পী ইমরান মাহমুদুরের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়েছেন বুবলী। গানের কথা লিখেছেন কবির বকুল এবং সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই।
জানা গেছে, গত ২৪ জানুয়ারি বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের বহিরাঙ্গনে নির্মিত বিশাল সেটে গানটির দৃশ্য ধারণ করা হয়। নির্মাণশৈলী, লোকেশন এবং ইমরান-বুবলীর কণ্ঠে গানটি দর্শকদের ভালো লাগবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে, অভিনয় ক্যারিয়ারেও ব্যস্ত সময় পার করছেন বুবলী। আসন্ন রোজার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি সিনেমা। পরিচালক রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং জাহিদ জুয়েল পরিচালিত ‘পিনিক’ ছবিতে দেখা যাবে নায়িকাকে।
উল্লেখ্য, অভিনেতা-অভিনেত্রীদের দিয়ে গান গাওয়ানো ইত্যাদি অনুষ্ঠানের দীর্ঘদিনের একটি ধারা। এর আগে এই মঞ্চে গান গেয়েছেন ইলিয়াস কাঞ্চন, পারভীন সুলতানা দিতি, মৌসুমী, নোবেল, তানিয়া আহমেদ, ঈশিতা, তারিন, অপি করিমসহ অনেক তারকা।
এবারের ইত্যাদি পর্বে নাচ পরিবেশন করবেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এছাড়া দর্শকদের সঙ্গে অভিনয় পর্বে থাকবেন মোশাররফ করিম এবং হাবিব ওয়াহিদ পরিবেশন করবেন একটি একক গান।
ঈদের পর দিন রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে ইত্যাদির বিশেষ এই পর্ব। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।
Tag:
আরো পড়ুন: