দীর্ঘ সময় পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত

দীর্ঘ সময় পর টিভি পর্দায় ফিরছেন বিপাশা হায়াত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ এপ্রিল, ২০২৬ ২১:৫৮

নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত দীর্ঘ সাত বছর পর টেলিভিশনের পর্দায় ফিরছেন। তবে সেটা কোনো চরিত্রের প্রয়োজনে নয়, একটি পডকাস্ট অনুষ্ঠানের অতিথি হয়ে।

শনিবার রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন-এর পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিপাশা। এটি তার অংশগ্রহণে প্রথম কোনো পডকাস্ট অনুষ্ঠান।

২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্রে প্রবাস জীবনযাপন করছেন এই অভিনেত্রী। নাটক, সিনেমা থেকে দূরে থাকলেও চিত্রকলার সঙ্গে নিবিড় ভাবে যুক্ত আছেন তিনি।

অভিনয়ে ফেরা প্রসঙ্গে বিপাশা হায়াত পডকাস্টে জানিয়েছেন, অভিনয় থেকে তিনি অবসর নেননি। ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি সেসব চরিত্রেই অভিনয় করতে চান, যেসব চরিত্রে তিনি ঘাম ঝরাবার সুযোগ পাবেন, অর্থাৎ চরিত্র হয়ে ওঠার জন্য যেখানে কঠিনতম সাধনা করার সুযোগ থাকবে, সেসব চরিত্রেই তিনি সানন্দে অভিনয় করবেন।

আলোচনায় উঠে এসেছে তার নব্বইয়ের দশকের ক্যারিয়ার প্রসঙ্গও। তিনি বলেন, ‘সে সময় ‘কেয়ামত থেকে কেয়ামত’সহ বিভিন্ন বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, এমনকি বলিউড থেকেও কাজের সুযোগ এসেছিল।’

সুযোগ পেলে আমাদের দেশের পথশিশুদের জন্য নিয়মিত কাজ করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বেশ সোচ্চার। বিপাশা হায়াত বলেন, ‘যখনই সরকারের বা প্রশাসনের কারো সঙ্গে আমার দেখা হয়, আমি বিনীত অনুরোধ জানাই পথশিশুদের পাশে দাঁড়াবার জন্য।’

পডকাস্টে এ বিষয়ে নিজের কিছু অভিনব ভাবনার কথাও শেয়ার করেছেন তিনি।