লাইভ কনসার্ট থেকে বিতর্কের কেন্দ্রে জেসমিন

লাইভ কনসার্ট থেকে বিতর্কের কেন্দ্রে জেসমিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৬ ২১:১৮

লাইভ কনসার্টে গান না গেয়ে বিতর্কের কেন্দ্রে চলে গেলেন গায়িকা জেসমিন স্যান্ডলাস। ওই কনসার্টে ব্যাকগ্রাউন্ডে গান বাজিয়ে শুধুই ঠোঁট মিলিয়েছেন এই গায়িকা। 

ভাইরাল একটি ভিডিওটিতে দেখা যায়, লেহেঙ্গা চোলি পরে মঞ্চে ‘শারারাত’ গানটি পরিবেশন করছিলেন জেসমিন। তবে শুধু গানই নয়, শুরু করেছিলেন উদ্দাম নাচও! এমন সময় একটা বোতল হাতে নিয়ে নিজের মাথায় পানি ঢালেন; একপর্যায়ে তার ডান্স স্টেপে উঠে আসে অশালীনতাও।

এরপর যখন গানের মিউজিক শেষ হয়ে ভোকাল শোনা যেতে শুরু করে, তখন দেখা যায়, মাইক্রোফোন গায়িকার মুখের কাছে নয়, বরং নীচে রাখা- ভোকাল চলতেই থাকছে। সঙ্গে সঙ্গে বিষয়টি চমকে দেয় শোতাদের।

ভিডিওটি ভাইরালের পর এমন দৃশ্য নেটিজেনদেরও অবাক করেছে। তারা বলছেন, গান শোনানোর নামে প্রতারণা করেছেন জেসমিন। তার গানের সঙ্গে গায়কী মিলছিল না; ব্যাকগ্রাউন্ডে গান বাজিয়ে শুধুই ঠোঁট মিলিয়েছেন। 

এক নেটিজেন ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘লাইভ কনসার্টেও এরা লাইভ গায় না, পুরো গানটিই লিপ-সিঙ্ক ছিল।’ 

অন্য এক ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘তাকে কি গান গাইতে ডাকা হয়েছিল না কি নাচার জন্য?’ কেউ কেউ আবার তার এই কর্মকাণ্ডকে ‘ওভার-অ্যাক্টিং’ হিসেবেও আখ্যা দিয়েছেন।

আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমায় জাসমিন মোট পাঁচটি গানে কণ্ঠ দিয়েছেন। এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের ‘কিক’ সিনেমার ‘ইয়ার না মিলে’ গানটি দিয়ে বলিউডে পা রাখেন তিনি।