বলিউডের জনপ্রিয় তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট-এর কোলজুড়ে এসেছে কন্যা রাহা কাপুর। জন্মের পর থেকেই তাকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই ধারণা করেছিলেন, বড় হয়ে সে হয়তো মা-বাবার মতো রূপালি পর্দায় পা রাখবে। তবে আলিয়ার ভাবনা সম্পূর্ণ ভিন্ন।
তিনি চান না তার মেয়ে চলচ্চিত্র জগতে আসুক; বরং রাহাকে একজন ক্রীড়াবিদ হিসেবে দেখতে চান তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া জানান, মাত্র তিন বছর বয়সী রাহার মধ্যেই তিনি একজন অ্যাথলিটের সম্ভাবনা দেখতে পাচ্ছেন। তার মতে, রাহা খুবই চঞ্চল, পরিশ্রমী এবং প্রতিযোগিতামূলক মনোভাবসম্পন্ন।
আলিয়া বলেন, “আমি মনে মনে চাই রাহা বড় হয়ে অ্যাথলিট হোক। ওর মধ্যে এখনই যে পরিমাণ এনার্জি দেখি, তা সত্যিই অসাধারণ।”
নিজের জীবনের অনুপ্রেরণা প্রসঙ্গে আলিয়া বিশেষভাবে তার মা সোনি রাজদান-এর কথা উল্লেখ করেন। তিনি বলেন, সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে সক্রিয়ভাবে কাজ করে যাওয়া তার মায়ের জীবন তাকে সবসময় অনুপ্রাণিত করেছে।
আলিয়ার ভাষায়, “আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি সবসময় নিজের কাজ ও পরিচয়কে গুরুত্ব দিয়েছেন।”
পেশাগত জীবনে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। শিগগিরই তাকে যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’-তে অ্যাকশন চরিত্রে দেখা যাবে। এছাড়া সঞ্জয় লীলা বনশালির বহুল প্রতীক্ষিত ছবি ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ তিনি স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন।
আরো পড়ুন: