‘সেলিব্রেটি’ তকমা নিয়ে আপত্তি স্বস্তিকা মুখার্জির

‘সেলিব্রেটি’ তকমা নিয়ে আপত্তি স্বস্তিকা মুখার্জির

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৬ ১৩:৪৪

স্বস্তিকা মুখার্জি আবারও নিজের স্বভাবসুলভ স্পষ্ট মন্তব্যে আলোচনায় এসেছেন। গ্ল্যামার দুনিয়ার পরিচিত ‘সেলিব্রেটি’ তকমা নিয়ে আপত্তি জানিয়ে তিনি জানিয়েছেন, নিজেকে তিনি কখনোই সেলিব্রেটি হিসেবে ভাবেন না।

রুপালি পর্দার চাকচিক্য, দামি পোশাক ও বডিগার্ড ঘেরা তারকা জীবনের প্রচলিত ধারণার বিপরীতে স্বস্তিকার জীবনযাপন অনেকটাই সাধারণ। কলকাতার ব্যস্ত রাস্তায় ভিড়ের মধ্যে মিশে গিয়ে বাস বা অটোতে চড়ে চলাফেরা করতে দেখা যায় তাকে। এমনকি গড়িয়াহাটে দাঁড়িয়ে ফুচকা খেতেও দ্বিধা করেন না এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে স্বস্তিকা মুখার্জি বলেন, “আমি নিজেকে সেলিব্রেটি মনে করি না। সেলিব্রেটি কথাটার এত অপব্যবহার হয় যে, আমাকে কেউ সেলিব্রেটি বললে মনে হয় কেউ আমাকে গালাগালি দিচ্ছে। আমি চাই আমাকে মানুষ, শিল্পী বা অভিনেত্রী বলুক, কিন্তু সেলিব্রেটি না।”

তিনি আরও বলেন, বর্তমানে সবাইকেই সেলিব্রিটি বলা হচ্ছে। তার মতে, সোশ্যাল মিডিয়ায় কয়েকটি রিল বা বেশি ফলোয়ার থাকলেই অনেকে নিজেকে সেলিব্রিটি দাবি করছেন, যা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

নিজের পরিচয় প্রসঙ্গে স্বস্তিকা বলেন, “আমি খুব সাধারণ মানুষ। সাধারণভাবেই থাকতে পছন্দ করি। তাই আমাকে কেউ সেলিব্রেটি বললে ভালো লাগে না, আমি তখন বারণ করি।”

সম্প্রতি বড় পর্দায় মুক্তি পেয়েছে অর্জুন দত্ত পরিচালিত ‘বিবি পায়রা’। ছবিটিতে অনির্বাণ চক্রবর্তী ও পাওলি দামের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখার্জি।