কান্নাজড়িত লাইভে ফারুকীকে ঘিরে বিস্ফোরক মন্তব্য অরুণা বিশ্বাসের

কান্নাজড়িত লাইভে ফারুকীকে ঘিরে বিস্ফোরক মন্তব্য অরুণা বিশ্বাসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২ মে, ২০২৬ ১২:২১

দেশের সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি লাইভে এসে সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী-এর বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ তুলেছেন। লাইভে আবেগঘন বক্তব্যে তিনি দাবি করেন, ফারুকীর কারণে দেশের কিছু শিল্পীর ক্যারিয়ার ও জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে অরুণা বিশ্বাস বলেন, “আমাদের কিছু শিল্পীর জীবন ফারুকী শেষ করে দিয়েছে। সে মনে করছে সে জিতে গেছে, কিন্তু সে জীবনেও জিততে পারবে না।”

তিনি আরও অভিযোগ করেন, দেশে কাজের সুযোগ থেকেও তাকে বঞ্চিত হতে হয়েছে। তার ভাষায়, “আমি আমার দেশটাকে মিস করি। কোথাও কাজ করতে পারতাম না, কোথাও ঢুকতে পারতাম না। যেখানেই গেছি, সেখানেই ফারুকী—টাকা দিয়ে সব ম্যানেজ করে রাখত।”

একটি অনুষ্ঠানে ফারুকীর স্ত্রীর আচরণ নিয়েও অসন্তোষ প্রকাশ করেন তিনি। অরুণা বিশ্বাস বলেন, “প্রত্যেক শিল্পীর দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অনেক অধিকার আছে, কিন্তু আমাদের সেই অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছে।”

লাইভে তিনি আরও জানান, দেশের পরিস্থিতির কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। “আমি হয়তো জীবনের শেষ দিন পর্যন্ত ভুলব না, কীভাবে আমাকে নিজের দেশ ছেড়ে চলে আসতে হয়েছে,” যোগ করেন তিনি।

তবে দেশ ছাড়ার পেছনে সরাসরি কোনো চাপ ছিল না বলেও উল্লেখ করেন অরুণা বিশ্বাস। তার ভাষায়, “আমাকে কেউ কিছু বলেনি, কিন্তু কেন জানি মনে হয়েছে, আমার চলে যাওয়া উচিত।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি কানাডায় বসবাস করছেন। “আমি ৩০ বছর ধরে কানাডায় আছি। আমার পাসপোর্ট না থাকলে আমি আসতাম না। আমি পালিয়ে আসিনি,” বলেন এই অভিনেত্রী।

এ বিষয়ে মোস্তফা সরয়ার ফারুকীর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।