আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা-সাবিনা ইয়াসমিন

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা-সাবিনা ইয়াসমিন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ মে, ২০২৬ ২০:৩৬

আজীবন সম্মাননা পাচ্ছেন বাংলা গানের জীবন্ত কিংবদন্তি সাবিনা ইয়াসমিন এবং ঢালিউডের বরেণ্য অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা। আগামী শুক্রবার (০৮ মে) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ড সিজন ৫-এর জমকালো আয়োজন।

অনুষ্ঠানের সবচেয়ে বড় সম্মাননা হিসেবে এই দুই গুণী শিল্পীকে আজীবন সম্মাননায় ভূষিত করা হবে। 

পুরস্কার প্রসঙ্গে সাবিনা ইয়াসমিন বলেন, 'পুরস্কার যেকোনো শিল্পীর জন্য অনুপ্রেরণাদায়ক। সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাঙালি শ্রোতার ভালোবাসার পাশাপাশি দেশ-বিদেশে অনেক পুরস্কার পেয়েছি। তবুও বাইফা আজীবন সম্মাননা আমার কাছে বিশেষ, কারণ এর সঙ্গে নতুন প্রজন্মের স্বপ্নবাজ তরুণরা যুক্ত।'

সুচন্দা বলেন, 'দীর্ঘদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে- এটাই সবচেয়ে আনন্দের। বিভিন্ন সময় পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও বাইফা আজীবন সম্মাননা আমি আনন্দচিত্তে গ্রহণ করছি।'

জানা গেছে, বাইফা অ্যাওয়ার্ডের এবারের আসরে মোট ২৯টি ক্যাটাগরিতে দর্শক ভোট ও জুরি বোর্ডের মাধ্যমে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি ও চলচ্চিত্রের সেরাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি থাকবে তারকাদের পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেট ও গ্ল্যামার সেগমেন্ট।

সিজন ৩ থেকে বাইফা আজীবন সম্মাননা প্রদান শুরু হয়। 

এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা ও শিবলী মহম্মদ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন সাবিনা ইয়াসমিন ও সুচন্দা।