রাজনীতি ছাড়ছেন দেব, ফিরছেন পুরোপুরি অভিনয়ে

রাজনীতি ছাড়ছেন দেব, ফিরছেন পুরোপুরি অভিনয়ে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে, ২০২৬ ১৫:১৩

টালিউডের জনপ্রিয় অভিনেতা ও সাবেক সাংসদ দেব রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে এসে আবারও পুরোপুরি চলচ্চিত্র জগতে মনোনিবেশ করার ঘোষণা দিয়েছেন।

তৃণমূল কংগ্রেসের হয়ে ২০১৪ সালে রাজনীতিতে যোগ দিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন দেব। তবে সাম্প্রতিক সময়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান, এখন থেকে রাজনীতির চেয়ে চলচ্চিত্রকেই অগ্রাধিকার দিতে চান।

বুধবার (৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দেব রাজ্য সরকারের পরিবর্তনকে স্বাগত জানান এবং আশা প্রকাশ করেন, নতুন সরকার রাজ্যের উন্নয়ন, শান্তি ও জনগণের কণ্ঠস্বর নিশ্চিত করতে কাজ করবে।

একই সঙ্গে বাংলা চলচ্চিত্র শিল্প নিয়ে উদ্বেগ জানিয়ে তিনি বলেন, ইন্ডাস্ট্রিতে নিষেধাজ্ঞা ও বিভাজনের সংস্কৃতি বন্ধ হওয়া উচিত এবং শৈল্পিক স্বাধীনতা ও ঐক্য বজায় রাখা প্রয়োজন।

নিজের নির্বাচনী এলাকা ঘাটাল প্রসঙ্গে দেব বলেন, দীর্ঘদিনের প্রতীক্ষিত “ঘাটাল মাস্টার প্ল্যান” বাস্তবায়নে তিনি নতুন সরকারের সহযোগিতা আশা করছেন।

সবচেয়ে আলোচনায় এসেছে তার সরাসরি মন্তব্য— “রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না, আগের মতো মন দিয়ে অভিনয়টাই করতে চাই।”

তিনি আরও জানান, চলচ্চিত্র শিল্পের উন্নয়ন এবং শিল্পীদের পাশে তিনি ভবিষ্যতেও নেপথ্য থেকে সহযোগিতা করে যাবেন।

এদিকে দেবের এই ঘোষণাকে ঘিরে ভক্ত ও রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।