তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে গভীর শোক ও শূন্যতা। তার মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর সহকর্মী ও ভক্তদের মধ্যে শুরু হয়েছে আবেগঘন প্রতিক্রিয়া ও স্মৃতিচারণ।
ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বাবা কায়সার হামিদ।
তরুণ এই অভিনেত্রীর আকস্মিক মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছেন না বিনোদন জগতের সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে আবেগঘন বার্তা দিচ্ছেন তারা।
চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি কারিনার সঙ্গে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে স্মৃতিচারণ করেছেন। অভিনেত্রী সাদিয়া আয়মান কারিনার সঙ্গে শেষ কথোপকথনের স্মৃতি তুলে ধরে তাকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করেন এবং শোক প্রকাশ করেন।
নুসরাত ফারিয়া এক বিজ্ঞাপনে কাজের স্মৃতি স্মরণ করে বলেন, কারিনা ছিলেন অসাধারণ প্রতিভাবান একজন শিল্পী এবং তার অভাব শোবিজ অঙ্গনে অনুভূত হবে।
অভিনেত্রী তাসনিয়া ফারিণ সামাজিক মাধ্যমে লিখেছেন, কারিনার মাঝে এক বিশেষ ইতিবাচক শক্তি ছিল, যা সবাইকে মুগ্ধ করত। উপস্থাপিকা ও মডেল নীল হুরেরজাহান জানান, তার মৃত্যুর খবর তিনি মেনে নিতে পারছেন না।
এছাড়া কনটেন্ট ক্রিয়েটর রাকিন আবসারও শোক প্রকাশ করে বলেন, কারিনা ছিলেন আলো ছড়ানো একজন মানুষ, যার স্মৃতি সবাইকে অনুপ্রাণিত করবে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই কারিনা অসুস্থ ছিলেন। পরে পরীক্ষায় তার শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং তিনি হেপাটাইটিস এ ও ই-তে আক্রান্ত হন। আগে থেকেই তার ফ্যাটি লিভারের সমস্যা ছিল। অবস্থার অবনতি হয়ে তার লিভার ফেইলিউর হয়।
চিকিৎসার জন্য প্রথমে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ে নেওয়া হলে ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
আরো পড়ুন: