রোববার দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ

রোববার দেশে আনা হবে কারিনা কায়সারের মরদেহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৫:৩৫

কনটেন্ট নির্মাতা ও অভিনেত্রী কারিনা কায়সারের অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে। জনপ্রিয় এই তারকার মরদেহ দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন পরিবারের সদস্য, সহকর্মী ও ভক্তরা।

তবে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ না হওয়ায় শনিবার (১৬ মে) তার মরদেহ দেশে আনা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি জানান, আগামীকাল রোববার (১৭ মে) ভারতের চেন্নাই থেকে ঢাকায় আনা হবে কারিনার মরদেহ।

সংবাদমাধ্যমকে কায়সার হামিদ বলেন, “প্রিজার্ভ সংক্রান্ত কিছু বিষয় রয়েছে। সব প্রক্রিয়া শেষ করতে সময় লাগছে। তাই আজ বিকেলের ফ্লাইট ধরা সম্ভব হচ্ছে না। আগামীকাল রোববারের ফ্লাইটে চেন্নাই থেকে ঢাকায় ফিরবে ওরা।”

লিভারের জটিলতায় ভুগে শুক্রবার দিবাগত রাতে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুসফুসে অ্যান্টিবায়োটিক দেওয়ার সময় হঠাৎ তার রক্তচাপ অনেক নিচে নেমে যায়। পরে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে সাধারণ জ্বরে আক্রান্ত হলেও পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় লিভার বিকল হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে চেন্নাই নেওয়া হয়েছিল। চিকিৎসকেরা ফুসফুসের সংক্রমণের চিকিৎসা ও লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

সামাজিক মাধ্যমে প্রাণবন্ত ও জীবনঘনিষ্ঠ কনটেন্ট তৈরি করে তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন কারিনা কায়সার। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করছেন নির্মাতা, শিল্পী ও অনুরাগীরা।