হইচই-তে আসছে ঈদের ব্লকবাস্টার ‘বনলতা এক্সপ্রেস’

হইচই-তে আসছে ঈদের ব্লকবাস্টার ‘বনলতা এক্সপ্রেস’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৬ মে, ২০২৬ ১৭:৩০

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত ও ব্যবসাসফল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ শিগগিরই ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-তে দেখা যাবে। বিষয়টি নিশ্চিত করেছে হইচই বাংলাদেশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

সম্প্রতি প্রকাশিত একটি পোস্টারে জানানো হয়, ঈদের ব্লকবাস্টার সিনেমাটি খুব শিগগিরই ওটিটিতে মুক্তি পেতে যাচ্ছে। ক্যাপশনে দর্শকদের উদ্দেশে ইঙ্গিতপূর্ণ প্রশ্ন রাখা হয়, “এই যাত্রার গন্তব্য জানেন?”

পোস্ট প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মন্তব্য করছেন, সিনেমাটি ওটিটিতে নতুন মাত্রা যোগ করবে।

হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এবং তানিম নূর পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তা অর্জন করে। সিনেমাটি দেশীয় প্রেক্ষাগৃহে বাণিজ্যিক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হয়েছে বলে জানা গেছে।

বক্স অফিস সূত্রে জানা যায়, মুক্তির ৪১ দিনের মধ্যেই সিনেমাটি ১২ কোটি টাকার বেশি আয় করে। পরবর্তীতে বিভিন্ন সূত্রে এর আয় ১৪ কোটি টাকা ছাড়িয়েছে বলে দাবি করা হয়।

সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, শরিফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক, জাকিয়া বারী মম, শ্যামল মওলা ও ইন্তেখাব দিনারসহ একঝাঁক জনপ্রিয় অভিনয়শিল্পী।

‘বুড়িগঙ্গা টকিজ’, ‘ডোপ প্রোডাকশন’ ও ‘হইচই স্টুডিওস’-এর যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির ওটিটি মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি।