বনানী ও বায়তুল মোকাররমে কারিনার জানাজা, দাফন গজারিয়ায়

বনানী ও বায়তুল মোকাররমে কারিনার জানাজা, দাফন গজারিয়ায়

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ মে, ২০২৬ ১১:৫৫

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের জানাজা বনানী ও বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে এবং পরে তাকে মুন্সিগঞ্জের গজারিয়ায় দাফন করা হবে বলে জানিয়েছেন তার বাবা ও সাবেক ফুটবলার কায়সার হামিদ।

তিনি জানান, রোববার (১৭ মে) দুপুরে ভারতের চেন্নাই থেকে কারিনার মরদেহ দেশে আনা হবে। এরপর বাদ আসর বনানী ডিওএইচএস জামে মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

পরদিন সোমবার (১৮ মে) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দ্বিতীয় জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মুন্সিগঞ্জের গজারিয়ায়, যেখানে তাকে দাফন করা হবে।

পারিবারিক সূত্রে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই সংক্রমণের কারণে কারিনার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ভারতের চেন্নাইয়ের ভেলোর খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকেরা জানান, লিভার প্রতিস্থাপনের প্রস্তুতি চলছিল, তবে ফুসফুসে সংক্রমণ ও রক্তচাপ হঠাৎ কমে যাওয়ায় তার অবস্থার দ্রুত অবনতি ঘটে।

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত কারিনা কায়সার ওটিটি প্ল্যাটফর্মের ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’ সিরিজে কাজ করে দর্শকমহলে পরিচিতি পান। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে।