জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের দাফন সম্পন্ন হয়েছে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আব্দুল্লাহপুর এলাকায় পারিবারিক কবরস্থানে। তার শেষ বিদায়ে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সোমবার (১৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে তার নানা বাড়িতে চতুর্থ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে কারিনার মরদেহ ঢাকায় আনা হলে কেন্দ্রীয় শহিদ মিনারে সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে সকাল ৭টার দিকে মরদেহ অ্যাম্বুল্যান্সে করে ঢাকা থেকে গজারিয়ার উদ্দেশে নেওয়া হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি লিভারজনিত জটিলতায় ভুগছিলেন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভারতে চেন্নাইয়ের ভেলোর সিএমসি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ সংক্রমণে তার লিভার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তার মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। স্মৃতিচারণ করতে গিয়ে স্বজনরা জানান, কারিনা ছিলেন চঞ্চল, মিশুক ও বিনয়ী স্বভাবের মানুষ।
পরিবার জানিয়েছে, ভবিষ্যতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পারিবারিক উদ্যোগে কবরের পাশে একটি মসজিদ নির্মাণ করা হবে।
আরো পড়ুন: