এবার হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

এবার হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত ডিজে সনিকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯ মে, ২০২৬ ২০:৪৯

এবার হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে সনিকা। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। 

এরপর থেকেই ভক্ত ও সহকর্মীরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। বর্তমানে এই ডিজে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

জানা গেছে, হেপাটাইটিস-এ ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে তিনি বনানীর ইয়র্ক হাসপাতালে ভর্তি রয়েছেন। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থায় নিজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ক্যাপশনে সনিকা লিখেছেন, ‘আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।’ 

অসুস্থতার খবরটি প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করেন। 

২০০৭ সালে ডিজে হিসেবে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সনিকা। অল্প সময়েই তিনি দেশের সংগীতাঙ্গনে হয়ে ওঠেন পরিচিত মুখ। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। 

২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ হিসেবে ঢালিউড চলচ্চিত্র ও সংগীত পুরস্কারে ভূষিত হন। ডিজে ক্যারিয়ারের পাশাপাশি অভিনয়েও কাজ করেছেন সনিকা। ২০১৫ সালে তিনি ছোটপর্দায় অভিষেক করেন এবং ‘লাস্ট সিকোয়েন্স’ ও ‘থ্রিপল এফ’ নামের দুটি টিভি নাটকে অভিনয় করেন। 

কিছুদিন আগেই ভারতে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। লিভারজনিত জটিলতাসহ হেপাটাইটিস এ ও ই-তে তিনি আক্রান্ত ছিলেন বলে জানা যায়।