৭৯তম কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনে আবারও নিজের ফ্যাশন স্টেটমেন্ট দিয়ে আলোচনায় এলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। রেড কার্পেটে তিনি হাজির হন একেবারে ভিন্নধর্মী অল-হোয়াইট টাক্সেডো লুকে, যা ইতোমধ্যেই ফ্যাশন দুনিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
তার পরনে ছিল ঝলমলে সিকুইন, ক্রিস্টাল-খচিত বোতাম এবং স্তরযুক্ত নচ ল্যাপেল সমৃদ্ধ কাস্টম সাদা টাক্সেডো। সঙ্গে যুক্ত ছিল পালকের বোয়া ও ক্যাট-ইয়ার স্টাইলের শাল, যা পুরো লুককে আরও নাটকীয় ও ব্যতিক্রমী করে তোলে।
এই বিশেষ পোশাকটি ডিজাইন করেছেন চীনা ডিজাইনার চেনি চ্যান। স্টাইলিংয়ের দায়িত্বে ছিলেন ভারতীয় সেলিব্রিটি স্টাইলিস্ট মোহিত রাই ও তার টিম। গয়না হিসেবে ব্যবহার করা হয় যুক্তরাজ্যের হাসানজাদেহ জুয়েলারির ডায়মন্ড পিস।
ডিজাইনার চেনি চ্যান এক সাক্ষাৎকারে জানান, ঐশ্বরিয়ার ওপর সাদা রঙ সবসময়ই মানিয়ে যায়। তার আগের সিনেমাগুলোর আইকনিক লুক থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছেন।
ঐশ্বরিয়ার টাক্সেডোতে ছিল প্যাডেড শোল্ডার, ফুল স্লিভ ও কাফে লেস ট্রিম, যা পুরো পোশাকে যোগ করেছে আধুনিক ও ক্লাসিকের মিশ্রণ। ভেতরে তিনি পরেছিলেন সাদা বুস্টিয়ার, যেখানে লেস এমব্রয়ডারির সূক্ষ্ম কাজ ছিল। সঙ্গে ছিল সিলভার সিকুইন-খচিত ফ্লেয়ার প্যান্ট।
তবে সবচেয়ে বেশি নজর কাড়ে তার নতুন হেয়ারস্টাইল। বারগান্ডি টোনের খোলা চুল, সফট ব্লোআউট ওয়েভে সাজানো—যা অনেক ফ্যাশন সমালোচকের মতে তার সাম্প্রতিক সময়ের অন্যতম সেরা লুক।
মেকআপে ছিল গাঢ় প্লাম লিপস্টিক, উইংড আইলাইনার, শিমারি আইশ্যাডো ও সফট ব্রোঞ্জারের নিখুঁত ব্যবহার। ভারী গয়নার বদলে তিনি বেছে নেন সিম্পল ডায়মন্ড রিং ও সাদা পিপ-টো পাম্পস।
সব মিলিয়ে কান চলচ্চিত্র উৎসবের শেষ দিনে ঐশ্বরিয়া রায় বচ্চন আবারও প্রমাণ করলেন কেন তাকে ফ্যাশন দুনিয়ায় “কুইন অব কান” বলা হয়।
আরো পড়ুন: